অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষার আহ্বান জানিয়ে বান্দরবানের লামায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে লামা পৌরসভার তং থমাং রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের মিলনায়তনে ‘অনলাইন জুয়ার ক্ষতি ও আজকের যুব সমাজ’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নবগঠিত লামা উপজেলা কমিটির পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাতামুহুরী কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিক এবং উপদেষ্টা মো. রুহুল আমিন, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মো. কামরুজ্জামান, দৈনিক কালের কণ্ঠের লামা–আলীকদম প্রতিনিধি ও উপদেষ্টা মো. তানফিজুর রহমান, লামা পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপদেষ্টা জোসনা বেগম এবং নারী নেত্রী ও উপদেষ্টা মাজেদা বেগম।
বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
বক্তারা বলেন, স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে অনলাইন জুয়া আজ নীরব মহামারিতে পরিণত হয়েছে। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ যুব সমাজ বিভিন্ন অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। এর ফলে পারিবারিক অশান্তি, আর্থিক সংকট ও সামাজিক অপরাধ বেড়ে যাচ্ছে।
তারা আরও বলেন, অনলাইন জুয়ার ক্ষতি থেকে যুব সমাজকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকার ও প্রশাসনের পক্ষ থেকে অবৈধ জুয়ার সাইট ও অ্যাপস বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। বক্তারা অনলাইন জুয়াকে ‘না’ বলার এবং নিজ নিজ এলাকায় সচেতনতা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে নবগঠিত বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা কমিটির পরিচিতি তুলে ধরেন সভাপতি মো. শহিদুল ইসলাম। তিনি জানান, গত ২২ ডিসেম্বর এক বছরের জন্য লামা উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ হোসেন। উপদেষ্টারা হলেন- মো. রুহুল আমিন, মো. কামরুজ্জামান, মো. তানফিজুর রহমান, জোসনা বেগম, মাজেদা বেগম ও মো. মনিরুল ইসলাম তুহিন।
বিডি-প্রতিদিন/মাইনুল