তরুণ সমাজকে সমাজ উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘তরুণ সমাজকে সামাজিক কাজে সম্পৃক্ত করার কৌশল’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার শৈলকূপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ শৈলকূপা উপজেলা শাখার সভাপতি মো. ইব্রাহীম খলিল। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দেবব্রত চক্রবর্তী।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাখার উপদেষ্টা মো. ফিরোজুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সমাজে তরুণরাই সবচেয়ে শক্তিশালী ও সৃজনশীল শক্তি। তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া গেলে সমাজের বহু সমস্যার টেকসই সমাধান সম্ভব। বসুন্ধরা শুভসংঘে শিক্ষক, শিক্ষাবিদ ও গুণীজনদের সম্পৃক্ততা তরুণদের মানবিক কাজে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, তরুণদের সামাজিক কাজে যুক্ত করতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং নৈতিক শিক্ষার সমন্বয় অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে নবোদয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপদেষ্টা মো. রাশেদুল হাসান বলেন, সামাজিক অবক্ষয়, মাদক, অনলাইন আসক্তি ও নৈতিক অবনতির এই সময়ে তরুণদের সমাজসেবামুখী করা সময়ের দাবি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয়ে কাজ করলে তরুণদের মধ্যে নেতৃত্ব, সহমর্মিতা ও দায়িত্ববোধ তৈরি হবে।
বরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ-সভাপতি মো. মাহবুব আলম বলেন, তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করতে তাদের আগ্রহ ও সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে। খেলাধুলা, স্বেচ্ছাসেবা, বৃক্ষরোপণ, শিক্ষা সহায়তা ও পরিবেশ রক্ষার মতো কার্যক্রম তরুণদের ইতিবাচক পথে পরিচালিত করে।
সিনিয়র শিক্ষক ও ক্রীড়া সম্পাদক মো. আমিনুল ইসলাম বাচ্চু বলেন, তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা ও সামাজিক কার্যক্রম একে অপরের পরিপূরক। নিয়মিত সামাজিক কর্মকাণ্ড তরুণদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।
আলোচনা সভায় বক্তারা তরুণ সমাজকে সামাজিক কাজে সম্পৃক্ত করার জন্য কয়েকটি কার্যকর কৌশল তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য- শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সামাজিক সচেতনতা কার্যক্রম, স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি,
মাদক ও অনলাইন আসক্তিবিরোধী কর্মসূচি, মানবিক ও পরিবেশ রক্ষামূলক উদ্যোগ, নেতৃত্ব বিকাশ ও মূল্যবোধভিত্তিক প্রশিক্ষণ।
বক্তারা আশা প্রকাশ করেন, এ আলোচনা সভা তরুণ সমাজকে মানবিক, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/মাইনুল