হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। কুয়াশাচ্ছন্ন ও তীব্র শীতের এই সময়ে মানবিক সহায়তা নিয়ে মাঠে নেমেছেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা শাখার সদস্যরা।
সোমবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে বসুন্ধরা শুভসংঘ ভালুকা শাখার সদস্যরা ভালুকা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্ত, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ফুটপাথ, দোকানের বারান্দা ও খোলা আকাশের নিচে রাত কাটানো এসব মানুষের গায়ে উষ্ণ শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় প্রায় অর্ধশতাধিক অসহায় মানুষ শীতবস্ত্র পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
বসুন্ধরা শুভসংঘ ভালুকা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের ভালুকা প্রতিনিধি মোখলেছুর রহমান মনিরের সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, বসুন্ধরা শুভসংঘ ভালুকা শাখার উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যাপক মতিউর রহমান খান মহন, অধ্যাপক হাদিসুর রহমান খান, বিশিষ্ট ব্যবসায়ী আতিক উল্লাহ পাঠান, শাখা সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম সুবিন, সহ-সভাপতি আমিনুল ইসলাম অনিক ও ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক আফজাল ফাহিম খান এজাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শীতবস্ত্র পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই শীতে যারা আমাদের কথা মনে রেখেছে, আল্লাহ তাদের মঙ্গল করুন।
বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শীতার্ত ও অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতের কনকনে রাতে বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ আবারও প্রমাণ করেছে—মানবতার হাত ধরেই গড়ে ওঠে সুন্দর সমাজ, উষ্ণ হয় মানুষের হৃদয়।
বিডি-প্রতিদিন/মাইনুল