বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার উদ্যোগে আগামীর বাংলাদেশ- স্বপ্ন, সম্ভাবনা ও করণীয় শীর্ষক আলোচনা, বার্ষিক মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গাংনী উপজেলার আব্দুল মজিদ মাস্টার স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা সৈয়দ জাকির হোসেন মাস্টার বলেন, “একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য হতে হবে একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও সোনার বাংলা নির্মাণ।”
প্রধান বক্তা মেহেরপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. রফিকুল ইসলাম বকুল বলেন, “নিজেদের শক্তি, সংস্কৃতি ও মূল্যবোধের ওপর দাঁড়িয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে মেহেরপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম বলেন, “তরুণদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ। সমাজের সব শুভ কাজে তরুণদের একটি প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে। সেই কাজটিই করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ।”
বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার উপদেষ্টা ইঞ্জিনিয়ার রাশেদ বোরহান বলেন,“ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণদের সঙ্গে নিয়ে ইসলামের আদর্শে বিশ্বাসী হয়ে কাজ করতে হবে। নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
সভাপতির বক্তব্যে গাংনী উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি রাজু আহমেদ বনি নতুন বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “নতুন বছরে গাংনী উপজেলায় ভিন্নধর্মী সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ‘বসুন্ধরা শুভসংঘ ডিজিটাল পাবলিক লাইব্রেরি’ প্রতিষ্ঠার মাধ্যমে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বিস্তারে কাজ করতে চাই।”
সভায় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার সহ-সভাপতি মাহফুজ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম তারেক, সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক জুলফিকার আবির, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ফাহাদ হোসেন শিহাব, কার্যনির্বাহী সদস্য ইয়াছিন হাবিব, জায়েদ কবির ও ওয়াহিদুজ্জামান স্বপ্নীল।
অনুষ্ঠান জুড়ে মুক্ত আলোচনা ও ভবিষ্যৎ ভাবনায় উঠে আসে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। একাত্তর ও চব্বিশের চেতনা, আদর্শ, ঐক্য ও মূল্যবোধকে সামনে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার এই আয়োজন নতুন আশার বার্তা ছড়িয়ে দেয়।
বিডি-প্রতিদিন/তানিয়া