সারাদেশে ধারাবাহিকভাবে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে চলেছে বসুন্ধরা শুভসংঘ। এরই অংশ হিসেবে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সেলাই প্রশিক্ষণ শেষে মেশিন প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি। সেই মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় আরও একজন নারী পেলেন একটি সেলাই মেশিন।
সেলাই মেশিনপ্রাপ্ত নারী মোছা. শ্যামলী খাতুন মেশিন হাতে পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে জানান, “আমি একটি এনজিও থেকে সেলাইয়ের কাজ শিখেছি। কিন্তু আর্থিক সংকটের কারণে কখনোই নিজের একটি সেলাই মেশিন কিনতে পারিনি। আজ বসুন্ধরা শুভসংঘ আমাকে যে সহযোগিতা করেছে, তা আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেশিন ব্যবহার করে আমি আমার আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারব।”
শ্যামলী খাতুন আরও বলেন, কয়েক মাস আগে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সীমান্তবর্তী জীবননগর উপজেলায় সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন তিনি। প্রশিক্ষণ শেষে মেশিন বিতরণের সময় গুরুতর অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় সে সময় মেশিনটি গ্রহণ করতে পারেননি। পরবর্তীতে সংগঠনের কাছে আবেদন জানালে তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এরই ফলশ্রুতিতে আজ আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিনটি।
তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার আবেদনে সাড়া দিয়ে আজ আমাকে মেশিনটি দেওয়ার জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি অসংখ্য ধন্যবাদ। তাদের এই সহায়তা আমার জীবনে নতুন করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে।”
স্থানীয়রা মনে করছেন, বসুন্ধরা শুভসংঘের এ ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেলাই প্রশিক্ষণ ও মেশিন সহায়তার মাধ্যমে অনেক নারী ঘরে বসেই আয় করার সুযোগ পাচ্ছেন, যা তাদের পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হচ্ছে।
বিডি-প্রতদিনি/তানিয়া