মানবিকতার আলো ছড়িয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার রাতে সামাজিক দায়বদ্ধতা ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত হিসেবে উপজেলার খাঁড়িতা গ্রামের খড়িকাটা-খাড়িতা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়।
মানবিক এই আয়োজনে প্রায় ৩০ জন এতিম শিশু অংশ নেয়। বসুন্ধরা শুভসংঘের সদস্যরা আন্তরিকতা ও স্নেহভরা হাতে শিশুদের মাঝে খাবার পরিবেশন করেন। একবেলা খাবারের এই আয়োজন শুধু ক্ষুধা মেটানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং শিশুদের মুখে ফুটে ওঠে হাসি, চোখে চোখে ছড়িয়ে পড়ে আনন্দ, আর হৃদয়ে জেগে ওঠে আপনজনের উষ্ণতা ও নিরাপত্তার অনুভব।
এতিমখানার প্রধান শিক্ষক মাহবুব হোসেন বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বসুন্ধরা শুভসংঘ যেভাবে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। তাদের এই উদ্যোগ এতিম শিশুদের মনে আনন্দ ও অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, বসুন্ধরা শুভসংঘের এমন মানবিক কার্যক্রম সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।
বসুন্ধরা শুভসংঘের জয়পুরহাট ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, “এতিম শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় সাফল্য। সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিকতার পাশে থাকবে এবং ভবিষ্যতেও ‘শুভ কাজে সবার পাশে’ এই আদর্শকে সামনে রেখে এমন উদ্যোগ অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের জয়পুরহাট ক্ষেতলাল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আ. মুমিন, প্রচার সম্পাদক আরমান হোসেন, বিনশিরা ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ময়েজউদ্দিন, কার্যকরী সদস্য আব্দুল করিম, কাজল, আ. লতিফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বিডি-প্রতিদিন/তানিয়া