ভোরের আলো ফোটার আগেই দিনাজপুরের বীরগঞ্জ যেন হারিয়ে যায় কুয়াশার সাদা চাদরে। হিমেল হাওয়ার সঙ্গে মিশে থাকে ঝিরিঝিরি বৃষ্টির মতো ঠান্ডা। নিশ্বাস নিলেই বুকের ভেতর ওঠে শীতের কাঁপুনি। উত্তরের এই জনপদে শীত কেবল একটি ঋতু নয়, এ এলাকার প্রান্তিক মানুষের জীবনে প্রতিদিনের এক নীরব সংগ্রাম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র পরিবারগুলো। গরম কাপড়ের অভাবে অনেকের রাত কাটে কাঁপুনি আর নির্ঘুমতায়। শিশুদের শরীর জড়িয়ে ধরার মতো একটি কম্বল, সেটুকুও যেন তাদের কাছে বিলাসিতা। ঠিক এমন সময়েই শীতের কুয়াশা ভেদ করে মানবিকতার উষ্ণ আলো ছড়িয়ে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি খোঁজ নিয়ে, প্রত্যেক দরিদ্র পরিবারের হাতে তুলে দেন গরম কাপড়। কুয়াশাঘেরা সেই সকালে দেওয়া কাপড় শুধু শরীরের শীতই নিবারণ করেনি, অনেকের মনে ফিরিয়ে এনেছে নিরাপত্তা আর আশ্বাসের অনুভূতি।
শীতবস্ত্র পেয়ে অনেকের চোখে জমে ওঠে কৃতজ্ঞতার জল। দীর্ঘদিন পর পাওয়া স্বস্তির হাসি ফুটে ওঠে তাদের মুখে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সহসভাপতি ফরহাদ হোসেন, বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক মো. শাহরিয়া হাসান, সহসভাপতি মো. সাব্বির হোসেন ও রাকেশ রায়, নারীবিষয়ক সম্পাদক মোছা. সুখী আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
স্থানীয় বাসিন্দা আগ্নেস টুডু আবেগ সামলাতে না পেরে বলেন, এ বছর শীতে কারও কাছ থেকে কোনো গরম কাপড় পাইনি। এই ঠান্ডায় আমাদের খুব কষ্ট হচ্ছিল। শীতের শেষ সময়ে হলেও বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা আমাদের জন্য আশীর্বাদের মতো।
আরেক বাসিন্দা সুমি হাসদা বলেন, গরম কাপড় না থাকলে শীতের সময় জীবন চলাই কঠিন হয়ে যায়। বসুন্ধরা শুভসংঘ যে সহায়তা করেছে, তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আগেও তারা আমাদের কথা ভেবেছে, এবারও ভেবেছে, এটাই আমাদের সবচেয়ে বেশি স্বস্তি দেয়।
স্থানীয়দের ভাষ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা বহু সময়ই সমাজের মূল স্রোতের বাইরে থেকে যায়। তাদের কষ্ট, তাদের প্রয়োজন খুব কমই আলোচনায় আসে। তাই এমন মানবিক উদ্যোগ শুধু শীত নিবারণের কাজ নয়, এ যেন তাদের অস্তিত্ব ও মর্যাদার স্বীকৃতি।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘের মানবিক কার্যক্রম শুধু বীরগঞ্জে সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন প্রান্তে শীতবস্ত্র বিতরণ, খাদ্যসহায়তা, শিক্ষাসামগ্রী প্রদানসহ বছরজুড়ে নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
শীতের কুয়াশায় ঢাকা বীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ তাই শুধু একটি কর্মসূচি নয়, এ এক মানবিক বার্তা। যেখানে বলা হয়, মানুষ মানুষের পাশে দাঁড়ালেই শীতের মধ্যেও জন্ম নেয় উষ্ণতা।
বিডি প্রতিদিন/কেএইচটি