পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের দুর্গম চর আগস্তিতে বছরের প্রথম দিনেই দুর্গম চর আগস্তির বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। নতুন বই পেয়ে আনন্দে মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। শিক্ষার্থীরা দল বেঁধে বইয়ের পাতা উল্টে দেখছে, উচ্ছ্বাসে ভাগাভাগি করছে নতুন বছরের স্বপ্ন।
প্রথম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল বলে, ‘নতুন বইয়ের ছবিগুলো খুব সুন্দর। পড়তে ভালো লাগে।’
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রুবিনা জানায়, ‘আজ আমাদের খুশির দিন। নতুন বই, নতুন ক্লাস—সব মিলিয়ে অনেক আনন্দ হচ্ছে।’
স্কুলটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন বছর আগে যাত্রা শুরু করে। দুর্গম ভৌগোলিক অবস্থান এবং অধিকাংশ মানুষের জেলে ও কৃষিনির্ভর জীবিকার কারণে এ এলাকার শিশুরা দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে ছিল।
স্কুলের শিক্ষক সাহিনুর রহমান বলেন, ‘এই এলাকার আশপাশে কোনো সরকারি স্কুল নেই। বসুন্ধরা শুভসংঘ স্কুল হওয়ার পর এখানকার শিশুরা নিয়মিত পড়াশোনার সুযোগ পাচ্ছে। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে আমরা সন্তুষ্ট। এখন আমাদের লক্ষ্য শিশুদের মেধা বিকাশের পাশাপাশি নিয়মিত শ্রেণিকাজ সম্পন্ন করা।’
নতুন বইয়ের সুবাসে দুর্গম চর আগস্তির শিশুরা যেন নতুন বছরের শুরুতেই খুঁজে পেল শিক্ষার আলো আর আগামীর স্বপ্ন।
বিডি-প্রতিদিন/সুজন