বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে জনগণের যে সব সম্পদ আছে তা জনগণেরই কাজে ব্যবহার করা হবে। আমরা সেই সম্পদগুলোকে আহরণ করতে চাই। বড়পুকুরিয়া থেকে উৎপাদিত কয়লা দেশের সম্পদ, জনগণের সম্পদ। গতকাল দুপুরে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য, কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি, বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও স্থানীয় এমপিরা। সাংবাদিকদের ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, দীর্ঘ ১৭ বছর এদেশে একটা ফ্যাসিস্ট সরকার শাসন করেছে, তারা দেশীয় সম্পদকে অবহেলা করে, বাহির থেকে এই দেশে ইম্পোর্ট করার ব্যবস্থা করেছিল। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, আমরা জনগণের সরকার। জনগণের যে সম্পদ আছে সেগুলো জনগণের উন্নয়নে ব্যবহার করা হবে এর কোনো বিকল্প নেই। দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। কয়লাবিদ্যুৎ কেন্দ্র ব্যবহারের বিষয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে আমরা আলোচনা করেছি, একটি সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্র কেন পুরোপুরি উৎপাদনে যেতে পারছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করছি তিনটি একসঙ্গে চালানোর জন্য।
এর আগে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় অংশীজনদের সঙ্গে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) বোর্ডরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ এমপি। সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন এমপি, হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি এবং স্থানীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।