গাইবান্ধার সাদুল্যাপুরে মক্তবে পড়তে গিয়ে ৮ বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনির হোসেন (২২) নামে মসজিদের এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম। এর আগে শুক্রবার বিকালে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। শনিবার সকালে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার মনির হোসেন ওই এলাকার মিলন মিয়ার ছেলে এবং ওই মসজিদের মুয়াজ্জিন ও মক্তব শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও ভুক্তভোগীর স্বজনরা জানান, শুক্রবার বিকালে মসজিদ মক্তবে পড়তে যায় ওই শিশুটি। এ সময় শিক্ষক মনির হোসেন কৌশলে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি আঁচ করতে পেরে ওই শিক্ষককে আটক করে রাখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এ ফোন করলে অভিযুক্তকে থানায় নেয় পুলিশ। অপরদিকে গোপালগঞ্জে প্রথম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে (৬) ধর্ষণের অভিযোগে মুস্তাফিজুর রহমান (জিন্দার) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ। গতকাল সকালে টিফিনের সময় বিস্কুট ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নেন মুস্তাফিজুর রহমান। পরে কক্ষের দরজা-জানালা বন্ধ করে তাকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শিশুর পরিবার থানায় মামলা করেন। ওসি মাহফুজুর রহমান জানান, পুলিশ অভিযান চালিয়ে মুস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।