একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এ ব্যারাজটি নির্মাণ হবে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে।
বুধবার দুপুরে একনেক সভায় পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় রাজবাড়ীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়।
পথসভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্যসচিব মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, বিএনপি নেতা আব্দুল মজিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারাজ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।
জানা গেছে, ব্যারাজটিতে ৭৮টি স্পিলওয়ে গেট, ১৮টি আন্ডার স্লুইস গেট, ১৪ মিটার প্রশস্ত নেভিগেশন লক এবং দুটি ২০ মিটার প্রশস্ত ফিশ পাস থাকবে। ব্যারাজের ওপর দিয়ে রেলওয়ে সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি প্রায় ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও থাকবে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
বিডিপ্রতিদিন/কেকে