পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানায়ীদের দাবি, তাদের হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। এছাড়া, সন্দেহজনকভাবে একই এলাকার আরেকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
এর মধ্যে আজ রবিবার উপজেলার নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ১১টার দিকে মঠবাড়িয়া উপজেলার ৮ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেননি। খোঁজাখুঁজির পরে আজ রবিবার সকালে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রশিদের পরিবারের দাবি. রাতে কেউ তাকে ফোন করে ডেকে নিয়ে। এরপর তাকে ফোন দিয়ে আর পাওয়া যায়নি।
অপরদিকে, একই এলাকায় বাসিন্দা মো সাগর নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাগর মো. কালু মিয়ার ছেলে। এছাড়া, আমড়াগাছিয়া এলাকার বাসিন্দা মৃত আব্দর সত্তার প্যাদার পুত্র ইউসুফ প্যাদা নিখোঁজ রয়েছেন।
পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, দুটি মরদেহ পাওয়ার কথা জানতে পেরেছি। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গায়ে কাদামাটি লাগানো ছিল। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছে।
এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, দুটি মরদেহ কাছাকাছি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহের গায়ে কাদামাটি মাখানো ছিল। সুরতহাল করার পরে বলা জানানো যাবে। ও তদন্তের পরে এ বিষয় বিস্তারিত জানানো যাবে।
বিডি প্রতিদিন/কেএ