রংপুরের গঙ্গাচড়ায় এক গৃহবধূকে ধর্ষণের মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে গঙ্গাচড়া উপজেলার ধনতোলা বাজার দক্ষিণ বেতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে আসামি হাবিবুর রহমানকে (২৫) গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাবিবুর দক্ষিণ বেতগাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায় , গত ১৯ ফেব্রুয়ারি রাতে বাড়িতে এক পেয়ে গৃহবধূকে মুখে চেপে ধরে ধর্ষণ করে হাবিবুর রহমান। এ সময় ওই গৃহবধূ মুখ থেকে হাত সরিয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা হাবিবুরকে আটক করে একটি ঘরে আটকে রাখে। বিষয়টি জানাজানি হলে হাবিবুরের পরিবারের সদস্যরা ওই বাড়িতে এসে দরজা ভেঙ্গে হাবিবুরকে নিয়ে যায়। এ ঘটনায় ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে আত্মগোপনে চলে যায় হাবিবুর। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে হাবিবুর রহমানকে র্যাব গ্রেফতার করে।
র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে হাবিবুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম