ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংঘর্ষে নিহত কিশোর রায়হানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে তার মায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি উত্তরপাড়া এলাকা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন নিহত রায়হানের মা হনুফা বেগম, সালা উদ্দিন, ইসমাইল মিয়া ও মাহফুজ মিয়া। বক্তারা বলেন, কিশোর রায়হান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে তারা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, মামলার একজন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ মে রাত ১১টার দিকে সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ায় মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় একই গ্রামের মৃত ছোটন মিয়ার ছেলে রায়হান (১৭) নিহত হন।
এ ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস