ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে ৪০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে দলীয় প্রার্থী ৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৮ জন। তাদের মধ্যে দুইজন নারী প্রার্থী রয়েছেন।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে নমুনা প্রতীক তুলে দেন। এর আগে প্রার্থীদের আচরণবিধি নিয়ে আলোচনা হয়।
রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ৮ জন, গাইবান্ধা-২ (সদর) আসনের ৭ জন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের ১০ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের ৬ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৯ জনসহ মোট ৪০ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়।
এর মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (ধানের শীষ), মাজেদুর রহমান (দাঁড়িপাল্লা), শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), পরমানন্দ দাস (কাঁচি), ছালমা আক্তার (কলস), কওছর আজম হান্নু (প্রজাপতি), মোস্তফা মহসিন (ঢেঁকি), রমজান আলী (হাত পাখা)।
গাইবান্ধা-২ (সদর) আসনে আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ), আব্দুল করিম (দাঁড়িপাল্লা), আব্দুর রশীদ সরকার (লাঙ্গল), আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), মিহির কুমার ঘোষ (কাস্তে), মোহাম্মদ আব্দুল মাজেদ (হাত পাখা), শাহেদুর রহমান (কলম)।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), মইনুর রাব্বী চৌধুরী (লাঙ্গল), এসএম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া), আজিজার রহমান (ঢেঁকি), আব্দুল্লাহ আদিল (কাস্তে), এটিএম আওলাদ হোসাইন (হাত পাখা), মনজুরুল হক (কলম), মোছাদ্দিকুল ইসলাম (আপেল), সুরুজ মিয়া (ট্রাক)।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মোহাম্মদ শামীম কায়সার (ধানের শীষ), আব্দুর রহিম সরকার (দাঁড়িপাল্লা), কাজী মশিউর রহমান (লাঙ্গল), আতোয়ারুল ইসলাম (কোদাল), আব্দুর রউফ আকন্দ (মোটরসাইকেল), সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (হাত পাখা)।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ফারুক আলম সরকার (ধানের শীষ), আব্দুল ওয়ারেছ (দাঁড়িপাল্লা), নাহিদুজ্জামান নিশাদ (হাঁস), শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), এএইচএম গোলাম শহীদ রঞ্জু (মোটরসাইকেল), রাহেলা খাতুন (কাঁচি), আজিজুল ইসলাম (হাত পাখা), শ্রী নির্মল (কাঁস্তে), হাসান মেহেদী বিদ্যুৎ (ঘোড়া)।
গাইবান্ধার সাত উপজেলা ও চারটি পৌরসভা নিয়ে গঠিত পাঁচটি আসনে মোট ভোটার ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮২ হাজার ৪০১ জন, নারী ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬ জন। জেলায় মোট ভোটকেন্দ্র ৬৭৫টি এবং ভোটকক্ষ ৪ হাজার ১০১টি।
প্রতীক বরাদ্দের সময় স্ব-স্ব আসনের বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রতীক বিতরণ শেষে রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রার্থী ও নির্বাচনি এজেন্টদের উদ্দেশে বলেন, নির্বাচনি প্রচারণায় পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করতে হবে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নিয়ম ভঙ্গ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
বিডি-প্রতিদিন/সুজন