চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে সমর্থন দিয়ে জামায়াতে ইসলামী তাদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
বুধবার নগরের জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আবু নাসেরের পক্ষে বক্তব্য দেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। তিনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে এনসিপি প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছেন।
মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, অসুস্থতার কারণে ডা. আবু নাসের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। ঢাকায় অবস্থান করায় তিনি বুধবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারও করতে পারেননি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।
এদিকে, জামায়াতের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দেন এনসিপি প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ। পোস্টে তিনি জানান, ডা. আবু নাসের তাকে সমর্থন দিয়েছেন এবং শাপলা কুঁড়ি প্রতীকের বিজয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, জোটগতভাবে মাঠে নেমে চট্টগ্রাম-৮ আসনের প্রতিটি এলাকায় প্রচারণা চালানো হবে।
বিডি-প্রতিদিন/সুজন