জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।
জেলা রিটার্নিং অফিসার আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলার চারটি আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং তাদের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীক গ্রহণ করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারী) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, নাটোরে পাঁচজন প্রার্থী নির্বাচন থেকে সরে আসেন এবং এর আগে ১১ জানুয়ারী একজন প্রার্থী নির্বাচন থেকে সরে আসেন। মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন, যার ফলে জেলার চারটি আসনে মোট চ‚ড়ান্ত প্রার্থীর সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে।
আসন অনুসারে প্রার্থীর চ‚ড়ান্ত সংখ্যা দেখায় যে নাটোর-১ আসনে ৯ জন, নাটোর-২ আসনে ৬ জন, নাটোর-৩ আসনে ৫ জন এবং নাটোর-৪ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করবেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর আগামীকাল, ২২ জানুয়ারি প্রার্থীদের প্রচারণা শুরু হবে। এই প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টা পর্যন্ত। এরপর ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এএম