বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয় অর্জন করবে এবং আগামী দিনে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তারেক রহমান।’
আজ বৃহস্পতিবার (প্রতীক পাওয়ার পর) নির্বাচনি প্রচারণার প্রথম দিনে লক্ষ্মীপুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ‘ছাত্র, যুবক ও তরুণ সমাজ আমার সঙ্গে রয়েছে। তারা অত্যন্ত উল্লসিত। দীর্ঘদিন ধরে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অপেক্ষায় ছিল। এখন তরুণ ভোটারসহ সব শ্রেণির মানুষ ভোট দিতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও আমাদের মাঝে নেই। তাই এখন তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের।’
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘বর্তমানে ঘরে ঘরে ধানের শীষের জোয়ার বইছে এবং এ জোয়ার অব্যাহত থাকবে। আমি বাড়ি বাড়ি যাচ্ছি, মা-বোন ও মুরব্বিদের সঙ্গে দেখা করছি। গ্রামবাংলার মানুষের কাছে ও পাশে থাকবেন তারেক রহমান—আমরা এই আশাবাদ ব্যক্ত করছি।’
বিডি-প্রতিদিন/জামশেদ