ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে ৮০ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে ১১টি আসনের মধ্যে তিনটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তারা দলের মাথা ব্যথার কারণ হতে পারেন। তাদের মধ্যে কেউ বিজয়ী হয়ে যেতে পারেন, কোথাও সেখানে জামায়াত জোটের প্রার্থীও সুযোগ নিতে পারেন।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির প্রার্থী দলের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এ মতিন খান। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন। এছাড়া তিনি বিএনপিপন্ত্রী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা ছিলেন। সেখান থেকে তাকে দল বহিষ্কার করেছে। এখানে ২২ জানুয়ারি বিকেলে হোমনা উপজেলায় বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় বাধা,গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এখানে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম, জাতীয় পার্টির মো. আমির হোসেন ভূঁইয়া,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবদুস সালাম। এখানে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে লড়াই হবে।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে এলডিপির সাবেক মহাসচিব সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেদোয়ান আহমেদ ধানের শীষের প্রার্থী। বিএনপির সাবেক উপজেলা সভাপতি আতিকুল আলম শাওন দলের বিদ্রোহী প্রার্থী। তাকে দল বহিষ্কার করেছে। এখানে জামায়াত জোটের প্রার্থী খেলাফত মজলিশের মাওলানা সোলাইমান খাঁন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুফতি এহতেশামুল হক ও মুক্তিজোটের সজল কুমার কর। এখানে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হবে।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী দলের শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা, জামায়াতের ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেলিম মাহমুদ, জাতীয় পার্টির গোলাম মোস্তফা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবু বকর সিদ্দিক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মিজানুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাশেম। ২৩ জানুয়ারি এখানে বিএনপির বিদ্রোহী সামিরা আজিম দোলার সমর্থকদের ওপর হামলা হয়েছে। এখানে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে লড়াই হবে।
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, বিদ্রোহীদের আমরা ইতোমধ্যে বহিষ্কার করেছি।
আমরা তাদের নিয়ে আর ভাবতে চাই না। মানুষ উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশ গঠনে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।
বিডি-প্রতিদিন/মাইনুল