মুন্সীগঞ্জের ইছামতী নদীর মাঝিদের সাথে নৌকা চালিয়ে তাদের সাথে নিজের জীবনের নানা স্মৃতি স্মরণ করে ব্যতিক্রমি নির্বাচনী প্রচারণা চালালেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
শনিবার সকালে সিরাজদিখানের ইছামতী নদীর জেলে ও মাঝিদের সঙ্গে নৌকা চালিয়ে এবং তাদের সাথে মতবিনিময় করে নির্বাচনী প্রচারণা করেছেন। এ সময় তিনি মাঝিকে নৌকাতে বসিয়ে, নিজে নৌকা চালিয়ে ও নিজের জীবন সংগ্রামের নানা কথা নিয়েও মাঝিদের সাথে আলাপ করেন।
তিনি মাঝিদের উদ্দেশ্য বলেন, ‘এরা আমার খুব কাছের লোক। এটা আমার জন্য নতুন কিছু না। আমি এলাকারই সন্তান। একসময় নৌকা চালিয়ে আমি স্কুলে যাইতাম। আমিও এক সময় এই নদীতে নৌকা চালিয়েছে। নৌকা দিয়ে ধান কাটতাম ঘাস কাটতাম। এখনকার মানুষ আমার আপনজন। আমি সব কাজই পারি, সব কাজই বড়, কোন কাজই ছোট না। এই ভাইদেরকে দেখে আমার পুরনো দিনের স্মৃতি মনে পড়লো। আপনাদের সাথে নৌকা চালিয়ে ভাল লাগলো।’
এছাড়াও সিরাজদিখান রাজানগর ইউনিয়নে সৈয়দপুর বাজার ও রাজানগর বাজারে গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতারা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।