আহলে সুন্নাত ওয়াল জামা’আত এবং বৃহত্তর সুন্নীজোট সমর্থিত বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মীসভা, পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে চেয়ার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জোবায়ের বলেন, ইসলামিক ফ্রন্ট রাষ্ট্র ক্ষমতায় গেলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক শিক্ষার বিস্তার ঘটানো হবে। ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের সংসদে যেতে হবে। ইসলামে নারীর যে সম্মান ও সামাজিক অধিকার রয়েছে, তা প্রকৃত অর্থে তুলে ধরতে পারবে কেবল ইসলামী নেতৃত্বই। এ সময় তিনি সবাইকে চেয়ার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
কর্মীসভা শেষে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী আয়েশা আক্তারের পক্ষে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে পথসভা ও গণসংযোগ করেন জোটের নেতাকর্মীরা।
কর্মীসভায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর বিজয়নগর) আসনের ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আয়েশা আক্তার বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ, ন্যায়নিষ্ঠ ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠাই ইসলামী ফ্রন্টের মূল লক্ষ্য। মানুষের অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা সুন্নীজোটের সঙ্গে ঐক্যবদ্ধ।
কর্মীসভা ও পথসভায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান নোমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি পীরজাদা সালাহউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুব ফ্রন্টের সভাপতি মাওলানা মনির হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি জসিম উদ্দিন জয়নালী, মাওলানা জালাল উদ্দিন আল কাদরি, মাওলানা মিজানুর রহমান আততাহারী, মাওলানা মুখলেছুর রহমান বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। পরে জেলা শহরের প্রধান প্রধান সড়ক ও এলাকায় গণসংযোগ ও পথসভা সভা করেন দলের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/জামশেদ