জাতীয় নাগরিক পার্টির ঢাকা ২০ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে পূর্ণ সমর্থন দিয়েছে স্থানীয় জামায়াতসহ জোটের নেতারা। শুক্রবার ধামরাই পৌরসভায় এক সভায় দশ দলীয় ঐক্যের নেতারা সমর্থনের কথা জানান। এ সময় নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জোটের অন্যতম শরিকদল জামায়াত ও এনসিপির স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভায় নাবিলা তাসনিদ বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় পেয়েছে। সেই আন্দোলনের সময় আমরা একতাবদ্ধভাবে সংগ্রাম করেছি। সংগ্রাম এখনও শেষ হয়নি, বরং জাতীয় নির্বাচনের অংশ হিসেবে এটি ধারাবাহিক হচ্ছে। আমরা এই নির্বাচনে একতাবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ এবং বিজয় নিয়ে শতভাগ আশাবাদী।
স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা মাওলানা কাজি আব্দুর রউফ বলেন, ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ আমাদের ঐক্যবদ্ধ জোটের প্রার্থী। আমরা তাকে পূর্ণ সমর্থন দিয়েছি এবং সংঘবদ্ধ হয়ে কাজ করব। দশ দল একত্রিত হয়ে বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।
বিডি প্রতিদিন/আশিক