বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম রামপাল উপজেলার বাশতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। পরে শেষে বিকেলে গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।
জনসভায় তিনি বলেন, বাগেরহাট-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, রামপাল-মোংলার শিল্পাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। তিনি তাকে বিজয়ী করতে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
বাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ আজমীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক জেলা ও দায়রা জজ শেখ জালাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট বোরহান খান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির, ফকির শাহাদাৎ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।
সভায় বাশতলী ইউনিয়নের সব ওয়ার্ডের বিপুলসংখ্যক নারী-পুরুষসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল