আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। উৎসবমুখর পরিবেশে দ্রুতগতিতে এগোচ্ছে মঞ্চ নির্মাণসহ সার্বিক আয়োজন।
দলীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে তারেক রহমান সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত এক পথসভায় যোগ দেবেন। এ পথসভায় নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের আয়োজনে এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের সার্বিক তত্ত্বাবধানে এ পথসভা অনুষ্ঠিত হবে। সভাকে কেন্দ্র করে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দলীয় নেতারা জানিয়েছেন, এই প্রথমবারের মতো বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান সোনারগাঁয়ের মাটিতে আসছেন। এ কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি আবেগ ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। পথসভাকে জনসভায় রূপ দিতে কাঁচপুর বালুর মাঠে মঞ্চ নির্মাণসহ প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে।
শনিবার দুপুরে সভাস্থলে মঞ্চ প্রস্তুতির কাজ পরিদর্শন করেন আজহারুল ইসলাম মান্নান। এ সময় জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘তারেক রহমানের আগমন সোনারগাঁসহ পুরো নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীদের জন্য বড় অনুপ্রেরণা। এই পথসভা আমাদের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। নেতাকর্মীরা তাঁর কাছ থেকে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন পরিচালনার বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা পাবেন বলে আমরা আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘এই সভা প্রমাণ করবে বিএনপি এখন ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সোনারগাঁয়ের মানুষ রাজপথে সক্রিয় থাকবে।’
পথসভাকে সফল করতে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। প্রত্যাশা করা হচ্ছে, এই আয়োজন সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
বিডি-প্রতিদিন/আশফাক