আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম।
তিনি বলেন, শুধু আমাদের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে দাঁড়িয়েছে, এজন্য গুরুত্বপূর্ণ না। বিএনপির নেতাকর্মীদের জন্যও গুরুত্বপূর্ণ। গত ১৭ বছর তারা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বহু কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। মামলা, হামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন। এবার সবাই মিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এসেছে।
শনিবার রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনে বিএনপি’র প্রধান কার্যালয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, দেশের অবস্থা ভালো হয়নি। যদি এই অবস্থা থাকে, তাহলে আপনাদের কারো জন্য মঙ্গলজনক হবে না। দেশটা কি আমরা পাল্টাতে চাই? আমরা নিশ্চয়ই শান্তি আসুক, এটা চাই।
কড়াইলসহ ঢাকার বস্তিবাসীদের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, আপনাদের এই এলাকায় যেভাবে আগুন লাগে, তা বন্ধ আপনারা চান? পানি, গ্যাসের সমস্যার সমাধান চান? পুনর্বাসন চান? যদি চান, তাহলে এবার একটা সুষ্ঠু নির্বাচন খুবই জরুরি। এই নির্বাচনে জনগণের রায় আমাদের পক্ষে প্রতিষ্ঠা করতে হবে।
ভোট কেনাবেচা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘ঘুস নেওয়া হারাম। যারা দিচ্ছে তারাও হারামের কাজ করছে। এগুলো অবৈধ টাকা। তারা ইসলামী ব্যাংকসহ অনেক কিছু দখল করেছে। আর আজকে আল্লাহর আইনের কথা বলে দুর্নীতি করে, এটা কি দুর্নীতি না?’, প্রশ্ন রাখেন তিনি।
তারেক রহমানের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, আমাদের নেতা বলেছেন, আমরা পার্মানেন্ট সলিউশন করবো। আপনার ঘর নাই, ঘরের ব্যবস্থা করে দেব। চিকিৎসা নাই, মেডিকেলের ব্যবস্থা করবো। আপনার সন্তান আছে উপার্জন নেই, তাদের উপযুক্ত ট্রেনিং দিয়ে চাকরির ব্যবস্থা করবো।
তিনি আরও বলেন, ভিক্ষা দিয়ে কখনো পরিবর্তন হয় না। নিজের উপার্জন দিয়ে পরিবর্তন হয়। মেয়েরা পড়াশোনা করছে, তারা চায় ভালো চাকরি। আমরা সেই চাকরির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এই আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে জয়ী হলে এই কড়াইল বস্তিতে ঘর হবে, মাঠ হবে, হাসপাতাল হবে, স্কুল হবে। এলাকাবাসীর সকল চাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ।
বিডি প্রতিদিন/এমআই