বিএনপি কখনো কারো সঙ্গে আপোস করেনি, ভবিষ্যতেও করবে না—বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১১ আসনের বিএনপি প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সকালে চট্টগ্রামে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
সকালে ২৮ নম্বর দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর আগ্রাবাদ রেডিও অফিস, ডেবার পার, কমার্স কলেজ রোড, মোগলটুলি, দত্তপাড়া ও কাপুড়িয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন, বিএনপি কখনো আপোস করেনি এবং করবে না। দেশের মানুষের কাছে বিএনপির অবস্থান স্পষ্ট। সারা দেশে নারী-পুরুষ ধানের শীষের পক্ষে রাস্তায় নেমেছে। বিএনপির স্লোগান—সবার আগে বাংলাদেশ। মানুষের কাছে সবচেয়ে আস্থার নাম বিএনপি। গণতন্ত্র ও মানুষের আস্থার মধ্য দিয়েই বিএনপির জন্ম।
এদিকে চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ভাটিয়ারীও সদর ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, ভাটিয়ারী-সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ এলাকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তার ঋণ শোধ করা সম্ভব নয়। তবে সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা থাকবে। এলাকার সন্তান হিসেবে এখানকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তিনি অবগত রয়েছেন বলেও জানান। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে প্রয়োজনীয় কাজ পরিচালনা কঠিন হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল