ভোটারদের মন জয় করতে নানা ধরনের প্রতিশ্রুতি আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর তিনি ভোটারদের কাছে ছুটে যান।
প্রচারণার প্রথম দিনে দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন মিল্লাত। দিনভর উঠান বৈঠক ও পথসভা শেষে চুনিয়াপাড়ায় গিয়ে শেষ হয় কর্মসূচি।
দ্বিতীয় দিনের আবারও নেতাকর্মীদের নিয়ে চুকাইবাড়ী ইউনিয়নের টিনেরচর এলাকায় গণসংযোগ করেন রশিদুজ্জামান মিল্লাত। এসময় তিনি ভোটারদের দুঃখ দুর্দশার কথা শোনেন এবং সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এরপর চুকাইবাড়ী ইউনিয়ন ও চিকাজানি ইউনিয়নে দিনভর প্রচারণার পাশাপাশি চর মাগুরীহাট মাদ্রাসা মাঠে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিল্লাত। এসময় তিনি ভোটারদের তাহাজ্জুদ ও ফজর নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আগে ভোট দিবো, পরে ভাত খাবো’’।
প্রচারণার তৃতীয় দিনে বকশীগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া ও মৌলভীপাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন মিল্লাত। পথসভায় তিনি বলেন, "নির্বাচিত হলে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জবাসীকে সর্বনাশা নদী ভাঙন থেকে রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। এছাড়াও দলীয় পরিকল্পনার অংশ হিসেবে অস্বচ্ছল পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে’।
তিনি প্রতিশ্রুতি দেন, দেওয়ানগঞ্জ সদর ও চর মাগুরীহাট এলাকায় দুটি স্টেডিয়াম নির্মাণ এবং দেওয়ানগঞ্জ থানার সামনে সেতু নির্মাণের মাধ্যমে দুই পাড়ের যোগাযোগ সহজ করা হবে। শিক্ষার মানোন্নয়ন ও দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জকে মাদকমুক্ত করা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
প্রচারণার সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল