বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশকে এগিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই নির্বাচন গণতন্ত্র, জনগণের শাসন ও দেশ গঠনের নির্বাচন। এসব গুরুত্বপূর্ণ দায়িত্ব বাস্তবায়নে একমাত্র বিএনপিই সক্ষম।
শনিবার বিকালে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি জনগণের প্রিয় দল। দেশ ও জাতির আকাঙ্ক্ষা পূরণে তিনি সর্বস্তরের ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
ড. মোশাররফ বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সোচ্চার। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দমননীতি উপেক্ষা করে ছাত্রলীগের ক্যাডার ও পুলিশের হামলার শিকার হয়েও গত ১৬ বছর বিএনপির নেতা-কর্মীরা রাজপথ ছাড়েননি। তিনি দাবি করেন, অসংখ্য নেতা-কর্মী হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। এখন সময় এসেছে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার। এ লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় ইসলামী আদর্শ সমুন্নত রেখে রাজনীতি ও জনকল্যাণে কাজ করে আসছে। ইসলামী শিক্ষার মানোন্নয়ন এবং আলেম-ওলামাদের কল্যাণে দলটি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হবে বলে তিনি জানান।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোসলেমউদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, মীর ওয়াসিম মুন্সী, অধ্যক্ষ আবদুর রহমান, আনোয়ার হোসেন চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল