নগরীর ৩০ ওয়ার্ড ও সদর উপজেলার ১০ ইউনিয়ন নিয়ে গঠিত বরিশাল-৫ আসন। একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যানমুখী আসনে রুপান্তর করাই প্রধান লক্ষ্য নির্ধারণ করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।
শনিবার এক বিবৃতিতে মুফতি ফয়জুল করিম বলেছেন, বরিশাল-৫ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও সুশাসনের অভাবে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও যোগাযোগ খাতে পরিকল্পিত উন্নয়ন ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়। আমি জনগণকে সঙ্গে নিয়েই এই পরিবর্তনের পথে এগোতে চাই।
তিনি নির্বাচিত হলে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ধর্মীয়–সামাজিক মূল্যবোধ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
মুফতি ফয়জুল করিম বলেন, রাজনীতিকে লোভ ও ক্ষমতার হাতিয়ার নয়, বরং ইবাদত ও আমানত হিসেবে বিবেচনা করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। ইনশাআল্লাহ, বরিশাল–৫ আসনকে একটি আদর্শ আসন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো। তিনি বরিশাল-৫ আসনের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল