দুই যুগ পর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) কুমিল্লায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। সেই সাথে জনসভা সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিএনপি নেতারা মনে করছেন, তারেক রহমানের এই সফর একদিকে যেমন দলীয় সাংগঠনিক ঐক্যকে আরও দৃঢ় করবে, অন্যদিকে আসন্ন নির্বাচনে দলের প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকার ফুলতলী এলাকায় ধানের মাঠে চলছে শেষ মুহূর্তের মঞ্চ প্রস্তুতের কাজ। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। নেতাকর্মীরা সভাস্থল পরিদর্শন করছেন। একই চিত্র চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতে।
দলীয় সূত্রে জানায়, রবিবার বিকেলে চট্টগ্রাম থেকে ফেরার পথে প্রথমে চৌদ্দগ্রাম, মাঝে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এবং দাউদকান্দিতে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, ২০০২ সালে কুমিল্লা স্টেডিয়ামে তারেক রহমানের দেওয়া বক্তব্য এখনও তার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। দীর্ঘ বিরতির পর তার সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করার পাশাপাশি দলীয় কর্মকাণ্ড গতি সঞ্চার করবে বলে মনে করেন তিনি।
দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও ছয়টি সংসদীয় আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক আমিন উর রশীদ ইয়াছিন জানান, কুমিল্লার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশগ্রহণ করবেন।
তিনি আশা করছেন তারেক রহমানের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক আন্দোলন, আসন্ন নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা স্পষ্টভাবে উঠে আসবে।
বিডি প্রতিদিন/কামাল