ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতিপক্ষ হিসেবে বড় দল মাঠে আছে, তারা নির্বাচনের আগে যেকোনো কিছুই করতে পারে। সেই কারণে আমার যে গণজোয়ার আছে, সেটি অনেকেরই ভয়ের কারণ হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভোট নিয়ে ফের শঙ্কার কথা জানিয়ে রুমিন ফারহানা বলেন, নির্বাচনের মাঠে পেশিশক্তি ও কালোটাকা প্রভাব ফেলে। বড় রাজনৈতিক দলগুলো যেকোনো উপায়ে জেতার চেষ্টা করে। আমি আমার নেতা-কর্মীদের বারবার সতর্ক করি।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি দাবি করে তিনি বলেন, আমাকে বারবার জরিমানা দিতে হয়েছে। মানুষের বাড়িতে উঠান বৈঠক করার কারণে এখন পর্যন্ত ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে বিএনপির সমর্থিত প্রার্থী বড় মঞ্চে ভোট চেয়েছে।
রুমিন ফারহানা আরও বলেন, নির্বাচনী প্রচার শুরুর আগে থেকে বিএনপির সমর্থিত প্রার্থী প্রচারণা শুরু করেছে। দোয়া মাহফিলের নামে আমাকে নিয়ে কুৎসিত মন্তব্য ও কুৎসা রটানো হয়েছে। তখন প্রশাসন নীরব, কানা-বোবার মতো আচরণ করেছে।
বিডি প্রতিদিন/আশিক