গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামের কাচারিপাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবরের একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে ডা. কে এম বাবর এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে দলীয় প্রতীকের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী এমপি হয়ে এলাকার জন্য কাঙ্ক্ষিত বাজেট বরাদ্দ আনতে পারেন না। বরং সরকারি কাজ বাস্তবায়ন ও প্রশাসনিক জটিলতা নিরসনে দলীয় প্রার্থীর ভূমিকা অনেক বেশি কার্যকর। তাই গোপালগঞ্জের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে ধানের শীষের বিজয় অপরিহার্য।
লতিফপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, গোপালগঞ্জ আইনজীবী সমিতির এপিপি অ্যাডভোকেট তাফসিরুল আমিন বিশ্বাস এবং স্থানীয় সাবেক ও বর্তমান ইউপি সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ।
এছাড়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ খান, বিএনপি নেতা সজীব লষ্কর, ধলা মিনা, মিঠুন শিরালীসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ডা. কে এম বাবরকে বিজয়ী করার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ