সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপির বিজয় মানেই জনগণের বিজয় ও কাঙ্ক্ষিত উন্নয়নের বিজয়।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে প্রতীক বরাদ্দের পর বিশ্বনাথে ধানের শীষ প্রতীকের সমর্থনে প্রথম প্রচার মিছিল শেষে পৌরশহরের নতুন বাজার এলাকার প্রবাসী চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লুনা বলেন, 'জননেতা এম ইলিয়াস আলীর উন্নয়ন কর্মকাণ্ড এবং তার ওপর চালানো নির্যাতনের কথা স্মরণ রেখে আপনারা ধানের শীষে ভোট দেবেন। আপনাদের ভোটে ধানের শীষের বিজয় হলে তা হবে জনগণের বিজয়, উন্নয়ন ও অগ্রগতির বিজয়। বিএনপি জনগণের দল, উন্নয়নের দল। বিএনপি ক্ষমতায় গেলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনাদের প্রত্যাশিত উন্নয়ন অবশ্যই বাস্তবায়িত হবে।'
ধানের শীষের প্রচার মিছিল ও পথসভায় প্রতীকী ধানের শীষ হাতে নিয়ে ভোট প্রার্থনা করেন ইলিয়াস-লুনা দম্পতির দুই পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবীব শারার। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আছকির আলী।
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এ প্রচার মিছিল ও পথসভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/মুসা