বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখিয়ে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু বিপদের সময় তারা জনগণের পাশে না দাঁড়িয়ে পালিয়ে গেছে।এই দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের সমান নাগরিক।
শনিবার(২৪ জানুয়ারি) খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আয়োজিত প্রার্থনা ও সনাতনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সনাতনী ঐক্যজোট ডুমুরিয়া উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পাঁচ আগস্টের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। কিন্তু বিএনপির নেতাকর্মীরা রাত জেগে মন্দির ও সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা দিয়ে সে ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদে থাকে ইতিহাস তার প্রমাণ।
এসময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল,খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ আলী আজগর লবিসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক প্রফুল্ল রায়।
বিডি প্রতিদিন/কামাল