আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত বটগাছ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সীর ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গণসংযোগের অংশ হিসেবে তিনি সিদ্ধিরগঞ্জের আদমজী, কদমতলী, শিমুলপাড়া, এসও রোড, বার্মাশীল ও গোদনাইল বাগপাড়াসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। এসময় তিনি সংসদে দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে ন্যায়, ইনসাফ ও মানবতার পক্ষে কথা বলার সুযোগ চান।
নান্নু মুন্সী বলেন, জনগণ তাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে তার সংসদীয় এলাকায় কোনো মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না। তিনি নিরাপদ সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ গড়তে আগামী নির্বাচনে বটগাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ