ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রার্থী ও দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়ার ডাক নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে জনসংযোগসহ উঠান বৈঠক করছেন তিনি। এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, তরুণদের কর্মসংস্থান, কৃষক-শ্রমিক, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা আদায় এবং নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরিসহ বিভিন্ন আশ্বাস দিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার সকালে উপজেলার নিজ ইউনিয়ন ফরদাবাদের কলাকান্দি গ্রামের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে নারী-পুরুষ, পথচারী, দোকানী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে দেখা করেন। পর্যায়ক্রমে তিনি ফরদাবাদ ইউনিয়নের নিজকান্দি, পূর্বহাটি, পূর্বকান্দা, ফরদাবাদ, দক্ষিণপাড়া, মধ্যপাড়া, উত্তরপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন এবং উঠান বৈঠক করেন। নির্বাচিত হলে খেটে খাওয়া মানুষ যার যার হিস্যা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট-সেতুর উন্নয়ন, কর্মসংস্থানের মাধ্যমে বেকরাত্ব দূরীকরণসহ বিভিন্ন আশ্বাস দেন জোনায়েদ সাকি।
এদিকে উপজেলার ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নে জোনায়েদ সাকির কর্মী-সমর্থকরা মাথায় মাথাল নিয়ে মিছিল করেন। মিছিলে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহনও ছিল চোখে পড়ার মতো।
জোনায়েদ সাকি জানানা, এলাকার উন্নয়ন করতেই যুগপৎ আন্দোলনের প্রার্থী হিসেবে এখানকার প্রার্থী হয়েছেন। বাঞ্ছারামপুরের মানুষের জন্য মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। যাতে এলাকার তরুণ-তরুণীরা উচ্চশিক্ষা অর্জন করে স্বাবলম্বী হতে পারে। এলাকার স্বাস্থ্যসেবা, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, তরুণদের কর্মসংস্থান, মেঘনা সেতুসহ রাস্তাঘাট নির্মাণের কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল