আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মিজানুর রহমান মোল্লাকে রিকশা প্রতীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে দলটির আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আমাদের নির্বাচনী প্রতীক রিকশা, যা গরিব মানুষের বাহন এবং সাধারণ মানুষের প্রতীক। আপনারা ভোট দিয়ে রিকশা প্রতীককে বিজয়ী করবেন’।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের ভাঙ্গা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এই আহ্বান জানান।
মামুনুল হক বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ ২১৪ বছরের সংগ্রাম শেষে এ দেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল। মানুষ ভেবেছিল আর ব্রিটিশ বেনিয়ারা নয়, কলকাতা-দিল্লির দাদাবাবুরা নয়, পিন্ডির খান-পাঠানরাও নয় এখন থেকে এ দেশের স্থানীয় মানুষই ইনসাফের মাধ্যমে রাষ্ট্র ও সরকার পরিচালনা করবে। কিন্তু বাস্তবতা হলো, স্বাধীনতার পর থেকে ৫৪ বছর ধরে দেশের মানুষকে বিশ্বাসের নামে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং শাসনের নামে শোষণ করা হয়েছে।
তিনি বলেন, প্রবাসে আমাদের দেশের সোনার ছেলেরা প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে দেশে টাকা পাঠাচ্ছে। কৃষক ও শ্রমিকরা কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। কিন্তু দিন শেষে মেহনতি মানুষের ঘাম ঝরানো পয়সা লুটপাটকারী একটি চক্র গ্রাস করে ফেলছে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যেখানে থাকবে বৈষম্যহীন সমাজব্যবস্থা।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেড় হাজার মানুষ শহীদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ ন্যায়ভিত্তিক শাসন পাবে। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তাই ১১ দল একত্রিত হয়েছে। সারাদেশের মানুষের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। কোরআনপ্রেমী ইসলামী জনতা আজ সারাদেশে ঐক্যবদ্ধ।
জনসভায় ফরিদপুর, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল