ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসন এবং রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনের আংশিক এলাকায় নির্বাচনি নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। এ উপলক্ষে বিজিবির দায়িত্ব ও সার্বিক প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ ছাউনিতে বিজিবি সদর দপ্তরের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, খাগড়াছড়ি আসনে ১৯ প্লাটুন এবং রাঙ্গামাটির আংশিক অংশে ১১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। ভোটাররা যাতে উৎসাহ ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নির্বাচনি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দপ্তর ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল পরিচালনা করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং প্রয়োজনীয় গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে কোনো মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে।
এছাড়া, সকল প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিজিবি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরান কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ