নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল একসঙ্গে অনেক শ্রোতাপ্রিয় গান করেছেন। চলচ্চিত্রেও গেয়েছেন বেশ কিছু গান। মাঝে অনেকদিন আর প্লেব্যাকে একসঙ্গে তাঁদের কণ্ঠ পাওয়া যায়নি। দীর্ঘদিন পর ফের দ্বৈত গানে ন্যান্সি-ইমরান। কামরুজ্জামান রোমানের ‘শিকার’ ছবিতে গেয়েছেন তাঁরা। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর-সংগীতায়োজনে ইমরান। রবিবার রোমান্টিক ঘরানার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। নতুন এ গান নিয়ে বেশ উচ্ছ্বসিত ন্যান্সি। বললেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ।
গানটির কথা ও সুর এত চমৎকার যে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’ অন্যদিকে ইমরানের মতে, বাংলা গানের অনন্য কণ্ঠ ন্যান্সি। তাঁর সঙ্গে দ্বৈত গান মানেই ইমরানের জন্য বিশেষ কিছু। তাই নতুন গানটি করেও ভীষণ আনন্দিত তিনি।