অনেক সম্ভাবনাময় শিল্পী আছেন যারা শোবিজ জগতে এসেই অল্প সময়ে দর্শক নজর কাড়েন। দ্রুত জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও তাঁরা হঠাৎ করে নিজ পেশার চেয়ে প্রেম বিয়ের দিকে ঝুঁকে পড়েন। আর এতেই তাদের সম্ভাবনার আলো নিভে যায় অচিরেই। বর্তমানে সময়ের দুই জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা ও কেয়া পায়েলও এখন হাঁটছেন সেই পথে। তাহলে কি তারাও দ্রুত হারিয়ে যাবেন? এই প্রশ্ন এখন সংস্কৃতিবোদ্ধাদের। কারণ দুজনকে নিয়ে সম্প্রতি তাদের গোপন প্রেমের ব্যাপারে জোর আলোচনা শুরু হয়েছে। নীহা চলতি বছরের ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি ছবি পোস্ট দেন। তারপর বিয়ে নিয়ে কৌতূহল শুরু হয় ভক্ত-শুভাকাক্সক্ষীদের মধ্যে। ওই সময় বিষয়টি গুঞ্জন বলে একটি নাটকের শুটিংয়ের ছবি দাবি করেছিলেন তিনি। এর মাস-চারেক পর এবার জানালেন, তিনি ‘এঙ্গেইজড’। কিন্তু সোমবার (২৯ জুন) ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেছেন নীহা। স্ট্যাটাসে ‘এঙ্গেইজড’ উল্লেখ করেছেন। তারপর থেকেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে?তাহলে কি বাগদান সম্পন্ন করেছেন নীহা? একই সঙ্গে প্রশ্ন, কাকে বিয়ে করছেন তিনি? এদিকে শোনা যাচ্ছে, পাকিস্তানের কোনো এক ছেলের সঙ্গে প্রেম রয়েছে অভিনেত্রীর। এমনটাও দাবি করা হয়েছে, কয়েক মাস আগে দেশের বাইরে ঘুরতে গিয়েছিলেন। তখনই তাদের পরিচয় হয়। এমনকি পরবর্তীতে পারিবারিকভাবে গড়ায় ঘটনা। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হতে যাচ্ছে তাদের। কিন্তু তার প্রেমিক পাকিস্তানের নাগরিক, এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলে কোনো উত্তর দেননি বলে ছড়িয়েছে কিছু গণমাধ্যমে। এ ব্যাপারে নীহা বলেছেন, এখন আমার পক্ষ থেকে স্পষ্ট করে বলার শুধু এতটুকুই, আমি এখন এঙ্গেইজড। অন্যদিকে গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কেয়া পায়েলের নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। টিকটকে একটি ভিডিওতে দেখা গেছে, মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। কখনো তারা গল্প করছেন, আবার কখনো রেস্টুরেন্টে নিজের হাতে তরুণকে খাবার খাইয়ে দিচ্ছেন। এ ভিডিওটি প্রকাশের পরই শুরু হয়েছে নানা চর্চা। একই সঙ্গে নানা প্রশ্ন তুলেছেন নেটিজেনরাকে এই তরুণ, কেয়া পায়েলের সঙ্গে কী সম্পর্ক তার? দেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রীর একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ওই তরুণের নাম প্রাচুর্য। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই চেনাজানা ও ঘনিষ্ঠতা। কেবল মালদ্বীপ নয়, এর আগে তাদের যুক্তরাজ্যেও একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে। এ ছাড়াও প্রতিবেদনে অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের বরাতে দাবি করা হয়েছে, কেয়া পায়েল ও ওই তরুণ দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। বিষয়টি দুই পরিবার জানে। আর তাদের ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।
এদিকে এ ব্যাপারে এখনো অভিনেত্রী বা তার পরিবার থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় কেয়া পায়েলের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে কৌতূহল বেড়েছে ভক্ত-শুভাকাক্সক্ষী ও নেটিজেনদের মধ্যে। এখন তার পক্ষ থেকে এ ব্যাপারে শুধু জানার অপেক্ষা।