মাদারীপুরে বসুন্ধরা শুভসংঘ পরিচালিত একটি স্কুলে আনন্দঘন পরিবেশে বই উৎসব উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শতাধিক শিক্ষার্থীর মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।
নতুন শিক্ষাবর্ষের শুরুতেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। বইয়ের পাতা উল্টে-পাল্টে দেখা, বন্ধুদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে ওঠার মধ্য দিয়ে শিশুরা উপভোগ করে এই বিশেষ মুহূর্ত। শুধু শিশুরাই নয়, তাদের এই আনন্দে শামিল হন অভিভাবকরাও।সন্তানের হাতে নতুন বই দেখে তাদের মুখেও ফুটে ওঠে স্বস্তি ও তৃপ্তির হাসি।
এই এলাকার অনেক সুবিধাবঞ্চিত শিশু দীর্ঘদিন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল। চার বছর আগে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সদর উপজেলার পেয়ারপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় সুবিধাবঞ্চিত ও স্কুল থেকে ঝরে পড়া শিশুদের জন্য শুভসংঘ স্কুল প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে প্রায় ১০০ শিক্ষার্থী এখানে বিনামূল্যে পড়াশোনা করছে।
দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাহি রহমান নতুন বই হাতে পেয়ে বলে, ‘আজ নতুন বই হাতে পাওয়ায় খুব আনন্দ লাগছে। অনেক দিন ধরে এই মুহূর্তের অপেক্ষা করেছি। বছরের শুরুতেই নতুন বই পাব- এটা স্বপ্নের মতো মনে হচ্ছে।
প্রথম শ্রেণির ছাত্র ইশান হাসান বলে, ‘নতুন বছরের নতুন বই আনন্দটাই আলাদা। খুব ভালো লাগছে, কিভাবে বলব বুঝতে পারছি না।’
একই শ্রেণির ছাত্র রিফাতুল ইসলাম এর মা মর্জিনা বেগম বলেন, ‘আগে এখানে স্কুল ছিল না। আমাদের সন্তানরা দূরের স্কুলে যেতে চাইত না। এখন বাড়ির কাছেই স্কুল হয়েছে। কোনো খরচ ছাড়াই শিক্ষার সুযোগ মিলছে। আজ নতুন বই পেয়ে আমাদেরও খুব খুশি লাগছে।’
বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর জেলা শাখার সভাপতি ওহিদুজ্জামান কাজল। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের জাহিদ, মোহাম্মদ দিদার মোল্লা, মো. ইমনসহ স্কুলের শিক্ষকবৃন্দ।
বিডি-প্রতিদিন/তানিয়া