পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে চরফ্যাশন উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনসমাগমপূর্ণ স্থানগুলোতে এই কর্মসূচি পরিচালিত হয়।
পরিচ্ছন্নতা অভিযানে বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার সদস্যরা অংশগ্রহণ করেন। তারা হাতে গ্লাভস ও পরিচ্ছন্নতা সামগ্রী নিয়ে রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং নির্দিষ্ট স্থানে তা সংরক্ষণ করেন। একই সঙ্গে সাধারণ মানুষকে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার আহ্বায়ক শামীমা নাসরিন, সদস্য সচিব হাফেজ কাউসার আহমেদ, যুগ্ম আহ্বায়ক মারিয়া, সদস্য মোশারফ হোসেন, মো: জেনিদ, হাফেজ আবু রায়হানসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার আহ্বায়ক শামীমা নাসরিন বলেন, 'পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি অভ্যাস। সুস্থ জীবন ও সুন্দর সমাজ গড়তে পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে এই বিষয়ে আরও সচেতন ও সক্রিয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।'
বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মারিয়া বলেন, 'বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিতভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিচ্ছন্নতা অভিযান তারই একটি অংশ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, 'এ ধরনের কর্মসূচি নিয়মিত হলে পরিবেশ যেমন : সুন্দর হবে, তেমনি মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাবে।'
বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয় এবং একটি পরিচ্ছন্ন চরফ্যাশন গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ করা হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া