বসুন্ধরা শুভসংঘ পটিয়া শাখার উদ্যোগে সম্প্রতি পটিয়া রেলস্টেশনে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এই মানবিক উদ্যোগ সমাজের অবহেলিত ও দুর্বল জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুর রহমান বিনজু, বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, চট্টগ্রাম-দোহাজারী রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা শুভসংঘের বন্ধু আবু সাঈদ তালুকদারসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক খোকন, পারভেজ, তানবির প্রমুখ।
খাবার বিতরণের সময় অতিথিরা ছিন্নমূল মানুষদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের জীবনযাত্রা, সমস্যা ও দৈনন্দিন চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় পুষ্টিকর খাবার পেয়ে উপকারভোগীদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
পটিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা বলেন, ‘সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছোট উদ্যোগ হলেও আমরা চাই এর মাধ্যমে তাদের মুখে একটুখানি হাসি ফুটুক।’
বসুন্ধরা শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুর রহমান বিনজু বলেন, “এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক চেতনার প্রসার ঘটায়।”
আবু সাঈদ তালুকদার বলেন, “বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়, বরং সমাজে মানবিকতা ও সামাজিক সংহতির বার্তা পৌঁছে দেওয়া।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বসুন্ধরা শুভসংঘ পটিয়া শাখা আগামীতেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
বিডি-প্রতিদিন/তানিয়া