‘ভালো কাজে সবার আগে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর সিদ্দিকিয়া এতিমখানায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ফ্রিল্যান্সার মো. মিনহাজ উদ্দিন।
এ সময় আরও বক্তব্য দেন সহসভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ, জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মুহাদ্দিস আশরাফুল ইসলাম, মাদ্রাসাতুল আতফালের মোহতামিম জাফর আহমেদ ও সংগঠনের সদস্য মহাইমিন সাবিদ।
কর্মসূচির আওতায় বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ৩০ জন এতিম শিশুর মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. মিনহাজ উদ্দিন বলেন, “বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক ও ভালো কাজে এগিয়ে আসে। শীতার্ত এতিম শিশুদের কষ্ট লাঘবে আমরা এই শীতবস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় বসুন্ধরা শুভসংঘের সদস্যবৃন্দসহ এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া