বসুন্ধরা শুভসংঘ জকিগঞ্জ শাখার উদ্যোগে কিশোর গ্যাং প্রতিরোধেএবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষার্থীদের কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখা এবং সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক অধ্যক্ষ মাওলানা মস্তাক আহমদ। তিনি বলেন, “বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ শিক্ষার্থীদের কিশোর গ্যাংয়ের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করবে। আমি আশাবাদী, শিক্ষার্থীরা নিজেদের জীবন নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে।”
বসুন্ধরা শুভসংঘ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে কালের কণ্ঠ জকিগঞ্জ উপজেলা মাল্টিমিডিয়া রিপোর্টার ও বসুন্ধরা শুভসংঘ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাধন বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক শাহিন আহমদ, দপ্তর সম্পাদক জামি চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্য।
এ ছাড়া গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাহমুদ হোসাইন, মুহীউদ্দীন, আল আমিন, সহকারী শিক্ষক আব্দুল মান্নান, আজিজুল হাকিম, সাইফুল ইসলাম, রফিকুল হাসান চৌধুরী, নূর উদ্দীন, হেলাল আহমদ, আবেদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সাধারণ সম্পাদক আজাদুর রহমান বলেন, “বর্তমান সময়ে কিশোর গ্যাং শিশু-কিশোরদের জন্য একটি বড় সামাজিক চ্যালেঞ্জ। এর প্রভাবে তাদের মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হচ্ছে। পরিবার, বিদ্যালয় ও সমাজ সম্মিলিতভাবে কাজ করলে এই সমস্যা থেকে শিক্ষার্থীদের রক্ষা করা সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশু-কিশোরদের কিশোর গ্যাং থেকে দূরে রেখে তাদের সুস্থ, সৃজনশীল ও শিক্ষামুখী জীবনে ফিরিয়ে আনা সম্ভব। বসুন্ধরা শুভসংঘের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে দেশ ও মানুষের কল্যাণে দোয়া পরিচালনা করেন প্রভাষক মাওলানা হাসানুর রশিদ।
বিডি-প্রতিদিন/তানিয়া