নীলফামারির জলঢাকা উপজেলায় বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চারআনি গ্রামের বসুন্ধরা শুভসংঘ স্কুলের ৫ নম্বর ক্যাম্পাসে এই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জলঢাকা উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি প্রভাষক শ্যামল কান্তি রায়।
এ সময় শিক্ষার্থী শ্রুতি রায়, মারিয়ম ও সাজ্জাদ জানায়, তারা নিয়মিত স্কুলে আসে। নতুন বই হাতে পেয়ে তারা খুবই আনন্দিত। নতুন বই থাকলে বারবার পড়তে ইচ্ছা করে।
স্কুলের অভিভাবক ছকিনুর রহমান ও হাছিনা বেগম বলেন, স্কুল খোলার সময় হলে শিশুরা বাড়িতে থাকতে চায় না, ছুটে আসে স্কুলে। নিয়মিত পড়াশোনা করার সুযোগ থাকায় তাদের আগ্রহ বেড়েছে। তবে শিক্ষকদের আরও প্রশিক্ষণ এবং শিক্ষার মান উন্নয়নের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ সময় জলঢাকা উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি শ্যামল কান্তি রায় বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। অভিভাবকদের উচিত সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানো। বসুন্ধরা শুভসংঘ শিক্ষার দায়িত্ব নিয়ে কাজ করছে। এখানে পড়াশোনা করলে শিশুরা কখনো বিপথে যাবে না। তারা দেশপ্রেম, মানবিকতা ও পারিবারিক মূল্যবোধ শিখবে এবং সমাজের উপকারে আসবে।
বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ স্কুলের জমিদাতা সাইফুল ইসলাম, জুয়েল রহমান, কালের কণ্ঠ জলঢাকা উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান স্টালিন, শিক্ষিকা আয়শা ছিদ্দিকা প্রমুখ।
বিডি-প্রতিদিন/সুজন