ভোলার বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় রানীগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখা এ আয়োজন করে।
সেমিনারে বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রোকেয়া বেগম।
আবুল বাশার বলেন, ‘শিক্ষার্থীদের ঝরেপড়া শুধু বিদ্যালয়ের জন্য সমস্যা নয়, এটি পুরো সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। দারিদ্র্য, অভিভাবকদের অসচেতনতা ও সামাজিক নানা সমস্যার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। এ অবস্থা থেকে উত্তরণে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছে। ভবিষ্যতেও ঝরেপড়া রোধে বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ গ্রহণ করা হবে।’
প্রধান শিক্ষক মোসা. রোকেয়া বেগম বলেন, ‘অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস চালু করা গেলে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পাঠদানে মনোযোগী হবে। এতে শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থী ঝরেপড়াও অনেকাংশে রোধ করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়মুখী আনন্দময় পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।’
আলোচনায় অন্য বক্তারা বলেন, দেশে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরেপড়ার অন্যতম কারণ দারিদ্র্য, অভিভাবকদের অসচেতনতা, বাল্যবিবাহ, শিশুশ্রম এবং মানসম্মত শিক্ষার অভাব। বিশেষ করে অষ্টম শ্রেণি ও এসএসসি পর্যায়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় অনেক শিক্ষার্থী বিদ্যালয় ত্যাগ করে। পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ ও সঠিক দিকনির্দেশনার অভাবেও অনেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। ঝরেপড়া রোধে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষা প্রশাসনের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করতে হবে।
এ সময় বসুন্ধরা শুভসংঘের বোরহানউদ্দিন উপজেলা শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফকরুল ইসলাম, অর্থ সম্পাদক আরিফ পন্ডিত, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ রাওহা এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক অঞ্জন কুমার দে, আনোয়ার হোসেন, তরিকুল ইসলাম, হাবিবুর রহমান ও সূচিত্রা রানী দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই