‘শুভ কাজে, সবার পাশে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারে সুনামগঞ্জের জামালগঞ্জে এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উদ্যোগে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানার কোরআনের হাফেজ শিশুদের মাঝে এ শীতকালীন সহায়তা দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ মানবিক কর্মসূচিতে শীতকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এ সময় শিশুদের হাতে সরিষার তেল, ডিটারজেন্ট পাউডার, সাবানসহ বিভিন্ন প্রয়োজনীয় শীতকালীন সামগ্রী তুলে দেওয়া হয়। শীতের উপহার পেয়ে এতিম শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দ ও উচ্ছ্বাস। তারা বসুন্ধরা শুভসংঘের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেয়।
বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলমের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আসাদ নুর, যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খাঁন, সহ সাংগঠনিক সম্পাদক মো. তাহের আহমদ, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক এনামুল হক, সহ দপ্তর সম্পাদক কামরান হোসেন অয়নসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খতিব ও জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানার সহকারী পরিচালক হাফিজ মওলানা নুর উদ্দিন এবং জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষক হাফিজ মওলানা দ্বীন ইসলাম।
বিডি-প্রতিদিন/সুজন