বসুন্ধরা শুভসংঘ সবুজবাগ থানা শাখার উদ্যোগে প্রাণিদের সুরক্ষা নিশ্চিতে এক ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর সবুজবাগ এলাকায় দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে পথ প্রাণী ও আশপাশের গৃহপালিত পশুদের প্রতি মানুষের দায়িত্ববোধ, সহানুভূতি ও মানবিক আচরণ জাগ্রত করা এবং শীতকালীন সময়ে তাদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরা।
কর্মসূচির শুরুতেই শুভসংঘের স্বেচ্ছাসেবকরা সবুজবাগ এলাকার বিভিন্ন সড়ক, বাজার ও আবাসিক এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। তারা পথচারীদের মাঝে প্রাণিদের প্রতি সদয় আচরণ, নির্যাতন থেকে বিরত থাকা, পর্যাপ্ত খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করার বিষয়ে সচেতন করেন।
এ সময় প্রাণিদের- কুকুর ও বিড়ালের জন্য নিরাপদ স্থানে খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। অনেক স্থানীয় বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে নিজেদের উদ্যোগে পশুদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করার আগ্রহ প্রকাশ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ নগর জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই তাদের কথা ভুলে যাই। বিশেষ করে শীত, বর্ষা কিংবা তীব্র গরমের সময় পথ প্রাণিরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে। এ সময় মানুষের সামান্য সহযোগিতাই তাদের বেঁচে থাকার বড় অবলম্বন হতে পারে।
শুভসংঘের বন্ধুরা বলেন, পশুরাও অনুভূতিসম্পন্ন প্রাণি। তারা ভয় পায়, কষ্ট পায় এবং ভালোবাসা অনুভব করে। তাদের প্রতি মানবিক আচরণ শেখানো মানেই ভবিষ্যৎ প্রজন্মকে একটি সহানুভূতিশীল সমাজের পথে এগিয়ে নেওয়া।”
এই কর্মসূচি বাস্তবায়িত হয় বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের প্রধান সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের সার্বিক দিকনির্দেশনায়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বসুন্ধরা শুভসংঘ সবুজবাগ থানা শাখার সভাপতি সাগির মো. ইয়াছিন এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মো. এহসানুল হক। এ ছাড়া রূপগঞ্জ থানা শাখার সহ-সভাপতি রিন্তি ও রাফিয়া, সহ-সাধারণ সম্পাদক আহনাফ, সাংগঠনিক সম্পাদক দিদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিজভী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী জুনিয়র, শিশু ও নারী বিষয়ক সম্পাদক রুদমিলা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নিলয় এবং সদস্য হাদী, সাব্বির, নাইজুল, মুকুল আছলাম, নিরবসহ শুভসংঘের বিভিন্ন শাখার বন্ধুরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, প্রাণি সুরক্ষা শুধু একটি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি চলমান সামাজিক আন্দোলন। ভবিষ্যতে স্কুল-কলেজভিত্তিক সচেতনতা কার্যক্রম, পশু চিকিৎসা ক্যাম্প এবং পথ প্রাণিদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং মানবিক মূল্যবোধ ও প্রাণিপ্রেমে উদ্বুদ্ধ একটি সমাজ গঠনে নতুন আশার সঞ্চার করেছে।
বিডি-প্রতিদিন/তানিয়া