শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও প্রতিযোগিতামূলক মানসিকতা বিকাশের লক্ষ্যে ইডেন মহিলা কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে মঙ্গলবার (২০ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নের মাধ্যমে তাদের মেধা ও চিন্তাশক্তির বহুমাত্রিক মূল্যায়ন করা হয়। পড়াশোনার পাশাপাশি বিসিএস ও বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতির সহায়ক হিসেবে এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম বলেন, আমাদের কলেজের শিক্ষার্থীরা নিয়মিত পাঠ্যসূচির পাশাপাশি চাকরির প্রস্তুতিতেও মনোযোগী। সেই প্রস্তুতিকে আরও কার্যকর ও আনন্দময় করতে আমরা এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রয়োজনীয়।
কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম। দ্বিতীয় স্থান অধিকার করেন ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ফারিয়া ইয়াসমিন আখি এবং তৃতীয় স্থান অর্জন করেন ২০২২–২৩ শিক্ষাবর্ষের আরিফা খাতুন।
বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সদস্য আলপনা আক্তার বলেন, এই ধরনের ব্যতিক্রমী ও সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন কিছু জানার অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতেও আমরা এমন কার্যক্রম অব্যাহত রাখতে চাই।
সভাপতি ফারিয়া হক তাজিমের নেতৃত্বে আয়োজনে অংশ নেন আলপনা আক্তার, লিয়া, তাহমিনা, জ্যোতি, উম্মে মাহফুজা তাবাসসুম, ইসরাত জাহান সোভা, সাহিদা, পলি, চুমকি খাতুন, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল, জয়া, ইফফাত সুলতানা, বর্ষা, সুহাদা, ফারিহা, নুসরাত জাহান তিন্নি, মাকসুরা অবণি, রুনা আক্তার, সুমাইয়া সুহা, হাসনা খাতুন, নুরনাহার খাতুন, সুমাইয়া আফরোজসহ আরও অনেকে।
শেষে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে আনন্দঘন পরিবেশে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/মাইনুল